পাঠ্যপুস্তকে ভুল সবচেয়ে বড় ইস্যু, জাতির অস্তিত্বের ইস্যু: মির্জা ফখরুল
'পাঠ্যপুস্তকের ভুল নিয়ে ইস্যু বানাবেন না' শিক্ষামন্ত্রী দীপু মনির এই বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'অবশ্যই আমি ইস্যু বানাব। অবশ্যই এটা একটা সবচেয়ে বড় ইস্যু, এটা আমার জাতির অস্তিত্বের ইস্যু।'
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'অপরিণামদর্শী কারিকুলাম ও মানহীন পাঠ্যপুস্তক–দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংসের নীলনকশা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘আপনি আমার শিকড় ধরে টান দেবেন, আমি ইস্যু বানাব না? কথা বলব না? আপনি আমার অবয়ব বদলে দিতে চাইবেন, স্বাতন্ত্র্যকে বদলে দিতে চাইবেন, আমি ইস্যু বানাব না? অবশ্যই এটি সবচেয়ে বড় ইস্যু। এটা জাতির অস্তিত্বের ইস্যু।
আলোচনায় নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি করা পাঠ্যপুস্তকের ‘ভুল-অসংগতির’ ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুজন শিক্ষক। তারা হলেন- সিরাজুল ইসলাম ও শাহ শামীম হোসেন। প্রবন্ধের মাধ্যমে তারা নতুন শিক্ষাক্রম ও পাঠ্যবইয়ের বিভিন্ন ‘ভুল-অসংগতি’ তুলে ধরেন।
তাদের মূল বক্তব্য হলো, নতুন নতুন শিক্ষাক্রম জাতীয় শিক্ষানীতির সঙ্গে সাংঘর্ষিক ও অবাস্তবায়নযোগ্য। এটি রাষ্ট্রীয় কাঠামোকে নিষ্ক্রিয় করার কৌশল। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাড়াহুড়া করে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করা হয়েছে বলে মনে করেন তারা।
বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ও ইউট্যাবের সভাপতি এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাজমেরী এস ইসলাম, বিকল্প ধারার একাংশের চেয়ারম্যান নুরুল আমীন ব্যাপারী, শিক্ষক নেতা লুৎফুর রহমান, মোরশেদ হাসান খান, সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী প্রমুখ।

Join the conversation