03:41:00 am
Wednesday, August 26

ঢাবি শিক্ষক রহমত উল্লাহর একাডেমিক কার্যক্রমে বাধা নেই

পঁচাত্তরের ১৫ আগস্টের খলনায়ক খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. মোহাম্মদ রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের ওই সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আদেশ দিয়েছেন আপিল বিভাগ। 

অধ্যাপকের আইনজীবী আহসানুল করিম জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আদেশের ফলে একাডেমিক কার্যক্রমে আইনি বাধা নেই এই অধ্যাপকের। এ সংক্রান্ত জারি করা রুল দ্রুত নিষ্পত্তি করতেও হাইকোর্টকে নির্দেশ দিয়েছে আদালত।

আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জুন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিন্নাত হকের বেঞ্চ ঢাবির সিদ্ধান্ত স্থগিত করে ওই আদেশ দেয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে ঢাবি কর্তৃপক্ষ আবেদন করলে চেম্বার আদালত আপিল বিভাগে শুনানির দিন ঠিক করেন।

গত ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে টিএসসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছিল ঢাবি প্রশাসন। সেখানে অধ্যাপক মোহাম্মদ রহমত উল্লাহ মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে খন্দকার মোশতাকের প্রতিও শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর খন্দকার মোশতাকের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেও বক্তব্য রাখেন তিনি।

অধ্যাপক মো. রহমত উল্লাহ দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের রাজনীতির সঙ্গে যুক্ত। নীল দলের প্যানেল থেকে তিনি শিক্ষক সমিতির সভাপতি হয়েছিলেন। এর আগে তিনি নির্বাচিত হয়েছিলেন আইন অনুষদের ডিন।

Share this post

Join the conversation