08:49:09 am
Sunday, June 21

ডিসি ও ইউএনওদের খবরদারিতে সংসদে ক্ষোভ

ডিসি, ইউএনওদের ‘খবরদারিতে’ জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলাম। তার মতে, এখন জনপ্রতিনিধিরা নন, প্রকৃত ক্ষমতার মালিক তারাই।

ডিসি, ইউএনওদের ‘খবরদারিতে’ জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলাম। তার মতে, এখন জনপ্রতিনিধিরা নন, প্রকৃত ক্ষমতার মালিক তারাই।
বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বর্তমানে আমাদের এলাকায় যে সরকারি কর্মকর্তা আছেন ইউএনও, ডিসি তারাই মনে হয় দেশটার মালিক। তারা যা করেন, সেটাই চলে। একটা কম্বল পর্যন্ত আমরা দিতে পারি না। নিজেরা কিনে দিচ্ছি, কিন্তু সরকারি যে ত্রাণ আসে, সেগুলোর একটাও আমাদের দেওয়া হয় না। আমরা চাই, তারা দয়া করে বলেন, লোকটাকে পাঠিয়ে দিন একটা স্লিপ দিয়ে। আমি কম্বলটা দিয়ে দেব। এই হচ্ছে আমাদের অবস্থা। তিনি বলেন, এই সংসদে অনেকেই আছেন, যাদের এলাকায় কর্মকর্তারা রাজত্ব চালাচ্ছেন। আমরা নামমাত্র নির্বাচিত হয়েছি, প্রকৃত ক্ষমতার মালিক তারাই।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সংসদ সদস্যকে সম্পৃক্ত না করায় ক্ষোভ প্রকাশ করে ঠাকুরগাঁও-২ আসনের দবিরুল ইসলাম বলেন, আমরা ইউএনও, সরকারি কর্মকর্তা যারা, তাদের দয়ায় চলছি। আমি সাতবারের এমপি।
আলোচনায় অংশ নিয়ে গ্যাসের দাম বাড়ানো সঠিক সিদ্ধান্ত জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ব্যবসায়ীদের বিদেশে পণ্যের দাম বাড়াতে বলেছেন। দেশে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের পাশাপাশি রাস্তায় দুর্ঘটনা অনেক বেড়েছে বলে জানিয়েছেন তিনি। হানিফ বলেন, বুধবার প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন, বৈশ্বিক সংকটের কারণে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থাৎ গ্যাসের দাম কিছুটা সমন্বয় করতে হয়েছে। এ নিয়ে অনেকে সমালোচনা করেছেন।
প্রধানমন্ত্রী চমৎকার একটি কথা বলেছেন। এ দেশে গ্যাসের ব্যবহারকারী কারা? সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার করেন শিল্প কারখানার মালিকরা। তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর ফলে তাদের হয়তো বাড়তি কিছু টাকা ব্যয় করতে হবে। সাধারণ মানুষ কম গ্যাস ব্যবহার করে। তাদের ওপর এই চাপটা কম থাকবে। আমি সেই ব্যবসায়ীদের অনুরোধ করব, বিশেষ করে যারা গার্মেন্টস শিল্পের সঙ্গে, টেক্সটাইলের সঙ্গে জড়িত, আমরা কেন সরকারের ভর্তুকি দিয়ে ইউরোপ-আমেরিকার জনগণের পোশাকের জন্য ব্যয় করব, ভর্তুকির টাকা বহন করব? এর বেনিফিট তো তারা পাচ্ছে, আপনারা নেগোসিয়েট করে পণ্যের মূল্যবৃদ্ধি করুন, তাহলে তো বাড়তি চাপ আপনাদের অনুভব হবে না।
ব্যবসায়ীর উদ্দেশে তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর প্রতিযোগিতার কারণে দাম সর্বনিম্ন পর্যায়ে আসে, ফলে আমাদের দেশের ভর্তুকির ওপরে আপনাদের নির্ভর করতে হয়। আমি মনে করি প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই গ্যাসের দাম বাড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি।