শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইনের শাসন সমুন্নত রেখে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে সংবিধানের সুফল সকলের নিকট পৌঁছে দিতে পারলেই এই সংবিধান অর্থবহ হবে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইনের শাসন সমুন্নত রেখে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে সংবিধানের সুফল সকলের নিকট পৌঁছে দিতে পারলেই এই সংবিধান অর্থবহ হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে \'বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির ৫ম মহাসম্মেলন ২০২৩\' অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, আইনজীবী সহকারীরা সেবার প্রত্যয় নিয়ে দায়িত্ব পালন করেন বলেই বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর হয়েছে। আইনজীবী সহকারীদের বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ উল্লেখ করে স্পিকার বলেন, আইনী সমস্যা সমাধানে আইনজীবী সহকারীগণ সুদীর্ঘকাল ধরে কর্মদক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়ে চলেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক, রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এবং অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী বলেন, আইনজীবী সহকারীগণ যথাযথ আইনী কাঠামোর মধ্য দিয়ে যেন তাদের দায়িত্ব পালন করতে পারেন এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শোষণ- বৈষম্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠিত হবে।
আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো: নুর মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম স্বাগত বক্তব্য পাঠ করেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো: মাহবুবুর রহমান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মো: রবিউল আলম বুদু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো: মোমতাজ উদ্দিন ফকির ও সাধারণ সম্পাদক মো: আবদুন নূর দুলাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
স্পিকার বলেন, \'এই শাসনতন্ত্র শহীদের রক্ত দিয়ে লেখা\'- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই কথাটির উদ্ধৃতি দিয়ে স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধান কারো দান, অনুকম্পা বা কোন সন্ধি-আলোচনার মাধ্যমে পাওয়া যায়নি।
স্পিকার বলেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের এই সময়ে ভার্চুয়াল কোর্ট এবং ই-জুডিশিয়ারী পরিচালিত হচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে আইনজীবী সহকারীগণকে আইটি ও আইসিটি সেক্টরে পর্যাপ্ত দক্ষতা অর্জন করতে হবে। সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে আইনজীবী সহকারীগণ ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ, সমাজ ও জাতি গঠনে মূল্যবান অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।
আইনজীবী সহকারী সমিতির এ মহাসম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বার কাউন্সিলের নেতৃবৃন্দ, আইনজীবীগণ, বিভিন্ন জেলা থেকে আগত আইনজীবী সহকারী প্রতিনিধিগণ, ভারত থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
