শনিবার বিকেলে ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
মালয়েশিয়ার শ্রমবাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে আলোচনার জন্য শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় আসছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের সচিব দাতুক মুহাম্মদ খায়ের রাজমান বিন মুহাম্মদ আনওয়ার।
সফরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুততর করতে আলোচনা হতে পারে। এ ছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের বিষয়ে বিদ্যমান চুক্তি পর্যালোচনা ও হালনাগাদ করার বিষয়ে প্রস্তাব দিতে পারে বাংলাদেশ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় পৌঁছার পর জনশক্তি প্রেরণকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাতে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।
পরদিন রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। বৈঠকে শ্রমবাজার বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করবেন।

Join the conversation