06:27:25 am
Wednesday, August 26

বইমেলায় দ্বিতীয় শিশুপ্রহরে আনন্দে মেতেছে শিশুরা

প্রতিবছর বইমেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকে শিশুপ্রহর। বইমেলা চলাকালীন শুক্র ও শনিবার আয়োজন করা হয় শিশু প্রহরের। মূলত শিশুপ্রহরে শিশুরা যাতে মেলা প্রাঙ্গণে পরিবারের সদস্যের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঘুরতে এবং তাদের পছন্দের বই খুঁজে নিতে পারে সেজন্যই শিশুপ্রহর ঘোষণা করে বাংলা একাডেমি।

এবারের বইমেলায়ও রয়েছে শিশুপ্রহর। শুক্রবার ছিলো প্রথম শিশুপ্রহর। সেদিন বেলা এগারোটা থেকে শিশুপ্রহর শুরু হলেও সিসিমপুরের জনপ্রিয় চরিত্র ইকরি, শিকু, হালুম ও টুকটুকিদের দেখা না মেলায় পুরোপুরিভাবে জমে উঠেনি শিশুপ্রহর।

তবে শনিবার দ্বিতীয় শিশুপ্রহরেই দেখা মিলেছে হালুম-শিকুদের। তাতেই আনন্দে আত্মহারা শিশুরা। বাবা-মায়ের হাত ধরে মেলায় আসতে দেখা গেছে অনেক শিশুকেই। শিশু চত্বরে প্রবেশ করে সিসিমপুরের জনপ্রিয় চরিত্রগুলোর সঙ্গে খেলায় মেতে ছিলেন শিশুরা।

মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের কালী মন্দির গেটের পাশে ছোটদের মজার মজার সব বইয়ের স্টল এবং বিনোদন কেন্দ্র নিয়ে সাজানো হয়েছে শিশু চত্বর। শিশু চত্বরে প্রবেশ করলেই মনে হবে এ যেন কোনো শিশুরাজ্য। যেখানে শিশু-কিশোরাই রাজা। এখানের স্টলগুলোতে রয়েছে শিশু-কিশোরদের সায়েন্স ফিকশন, ভূতের গল্প, কৌতুক এবং ছড়াসহ নানা ধরণের বই।

শিশুপ্রহরে কথা হয় মেলায় আসা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাবিতার সঙ্গে। বাবা-মায়ের হাত ধরে মেলায় এসেছে সে। রাবিতা জানায়, এবছর সে প্রথম মেলায় এসেছে। গতকাল মেলায় আসলেও সিসিমপুরের তার প্রিয় চরিত্র ইকরির  সঙ্গে দেখা হয়নি। আজ তাদের সবাইকে সে দেখেছে। ইকরি তাকে জড়িয়েও ধরেছে।

রাজধানীর ফকিরাপুল থেকে সন্তান রুহীকে নিয়ে মেলায় এসেছেন রহমান মিয়া। তিনি বলেন, আমার মেয়ে সিসিমপুর দেখে। তার প্রিয় চরিত্র হালুম। তাই তাকে শিশুপ্রহরে নিয়ে এসেছি। এখানে শিশুরা খেলার মাধ্যমে অনেক কিছু শিখতে পারে।

Share this post

Join the conversation