12:27:44 am
Friday, August 21

ভূমধ্যসাগরে নারী ও শিশুসহ ১২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ছোট মাছ ধরার নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পথে নারী ও শিশুসহ ১২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। খবর ডনের। তারা জানিয়েছে, ইতালীয় কোস্টগার্ড ৮ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া এক শিশু ও অপর একজন ব্যক্তি নৌকা থেকে সাগরে পড়ে গেছে। পৃথকভাবে জার্মান সহায়তা প্রতিষ্ঠান সি-আই আরও দুই মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে। 
অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে বৃহস্পতিবার রাতে নৌকাটির কাছে যান কোস্টগার্ডের সদস্যরা। ওই সময় নৌকার ভেতর থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা মালি, আইভরি কোস্ট, গিনি, ক্যামেরুন, বুরকিনা ফাসো, নাইজারসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। জার্মান সহায়তা প্রতিষ্ঠান সি-আই পৃথকভাবে ১০৯ জনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে।
নৌকাটি তিউনিসিয়া উপকূল থেকে গত সপ্তাহে ইতালির উদ্দেশে রওনা দেয়। কিন্তু যাত্রার শুরু থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে এটি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ঠান্ডায় ওই অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু হয়েছে। সাগরে ভাসমান ওই নৌকার বিষয়ে ইতালির কোস্টগার্ডকে অবহিত করে মাল্টা। ভূমধ্যসাগরের যে স্থানে নৌকাটি ছিল সেখানে নিয়ন্ত্রণ রয়েছে মাল্টার। 
এদিকে অভিবাসীদের নৌকা উদ্ধারে লিবিয়া উপকূলে আগে অনেক উদ্ধারকারী জাহাজ থাকত। কিন্তু ইতালি সরকারের কড়াকড়ির কারণে এখন এসব জাহাজের সংখ্যা অনেক কমে এসেছে। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর ১ লাখ ৫ হাজার ১৪০টি নৌকা ইতালিতে ঢোকার চেষ্টা চালায়। কিন্তু ছোট নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে আসার সময় ভূমধ্যসাগরে ১ হাজার ৪০০ অভিবাসন প্রত্যাশী প্রাণ হারান।

Share this post

Join the conversation