অ্যাপল পণ্যের বিক্রিতে ধস, কমে গেছে মুনাফা
২০২২ সালের শেষ দিকে মারাত্মকভাবে কমে গেছে অ্যাপল পণ্যের বিক্রি। ২০২১ সালের শেষ তিন মাসের তুলনায় ২০২২ সালের এই সময়টায় অ্যাপল পণ্যের বিক্রি কমেছে ৫ শতাংশ। ২০১৯ সালের পর থেকে কখনোই কোম্পানির পণ্যের বিক্রি এত কমেনি, যা সবার ধারণারও বাইরে।
অ্যাপল প্রধান টিম কুক বলেছেন, তারা একটি ‘চ্যালেঞ্জিং পরিবেশ’-এর মধ্য দিয়ে যাচ্ছেন। বিক্রি হ্রাসের জন্য তিনি করোনা মহামারিকে সামনে হাজির করেছেন। তিনি বলছেন, চীনে কোভিড-১৯ এর কারণে সরবরাহে ঘাটতি পড়েছে। এ ছাড়া জিনিসপত্রের ক্রমবর্ধমান দাম ও ইউক্রেনের যুদ্ধও এই পরিস্থিতির পেছনে অন্যতম কারণ বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘বিশ্ব যেমন অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, আমরা জানি অ্যাপলও এর বাইরে নয়।’ অ্যাপল বলেছে, যে বিক্রির পতন সারা বিশ্বে ঘটেছে এবং তার বেশিরভাগ পণ্যের ওপর প্রভাব ফেলছে।
আইফোনের বিক্রি কমেছে ৮ শতাংশ ও ম্যাক কম্পিউটারের ২৯ শতাংশ। কোম্পানির মুনাফা কমে গেছে ১৩ শতাংশ। পিপি ফোরসাইটের বিশ্লেষক পাওলো পেসকাটোর বলেছেন, অন্যান্য ইলেকট্রনিক পণ্য নির্মাতাদের মতোই অ্যাপলও তাদের গ্রাহককে বোঝাতে ব্যর্থ হচ্ছে যে নতুন সংস্করণ কেন তাদের প্রয়োজন। ক্যানালসিসের তথ্য অনুযায়ী সারা বিশ্বের স্মার্টফোন বিক্রি কমেছে ১২ শতাংশ। অ্যাপল কর্মকর্তারা বলছেন, তারা আশা করেছিলেন যে তাদের পরিষেবাভিত্তিক ব্যবসাগুলো ভালো ফল রাখবে, যার মধ্যে রয়েছে অ্যাপল পে এবং অ্যাপল নিউজ। বিশে^ ২০০ কোটিরও বেশি সক্রিয় অ্যাপল ডিভাইস রয়েছে। অ্যাপলের চিফ ফিন্যান্সিয়াল অফিসার লুকা মায়েস্ত্রি বলেছেন, ‘যখন আমরা আমাদের ইনস্টল করা এই অ্যাপগুলোর দিকে তাকাই, তখন আমরা আশাবাদী হয়ে উঠি।’
- Tags:
- অ্যাপল পণ্য

Join the conversation