05:53:39 am
Friday, August 21

পাকিস্তানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানকে প্রকাশ্য ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার ৭৫ তম জাতীয় দিবস উদযাপনের ফাকে সাইড লাইনে কলম্বোতে গত শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তাদের অতীতের কর্মকাণ্ডের জন্য প্রকাশ্যে ক্ষমতা চাইতে বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কলম্বো থেকে ঢাকায় ফিরে রোববার সাংবাদিকদের বলেন, ‘উনি (পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী) আমাকে বলেছেন আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান। আমি পরিষ্কার করে বলেছি যে আগে আপনারা আগে ১৯৭১ সালে গণহত্যার বিষয়ে পাবলিকলি ক্ষমা চান। তবেই সম্পর্কন্নোয়ন সম্ভব। সবার আগে ক্ষমা চাইতে হবে।’ ক্ষমা চাওয়ার বিষয় বললে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কী জবাব দিয়েছেন, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি কিছু বলেননি, বরং তিনি বিষয়টি এড়িয়ে গেছেন।’


পাকিস্তান কীভাবে সম্পর্কন্নোয়ন করতে চায়, তারা কী বলেছে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তান আমাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায়। তারা নিয়মিত এফওসি (ফরেন অফিস কনসালটেশন) বৈঠক করতে চায়। আমি বলেছি, আপনারা আমাদের পণ্যের ওপর নিষেধাজ্ঞা (এন্টিড্যাম্পিং) দিয়ে রাখছেন, এতে ব্যবসা-বাণিজ্যে উন্নতি হচ্ছে না।’ বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার মনোভাব কেমন ছিল, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। শুধু বাংলাদেশের সঙ্গে নয়, সারা ভারত বর্ষের সঙ্গেই তারা সম্পর্ক বাড়াতে চায়।’

শ্রীলঙ্কা সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত হয়েছে। সেখানে বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। আমরা রোহিঙ্গা ইস্যুতে তাদের সহযোগী চেয়েছি। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বলেছেন, তিনি এ বিষয়ে সহযোগিতা করবেন।

শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি জাহাজ চলাচল নিয়ে আলাপ হয়েছে। এখন সপ্তাহে একটি ফ্লাইট যাচ্ছে, আমরা তাদের বেসরকারি আরও একটি ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছি। আমরা তাদের দুর্দিনে সহযোগিতা করার আমাদের প্রতি তাদের বিশেষ আকর্ষণ আছে এবং সম্মান করে। শ্রীলঙ্কাকে দেওয়া বাংলাদেশের ঋণ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশটি ধীরে ধীরে ভালো করছে। আশা করা হচ্ছে যে আগামী সেপ্টেম্বর থেকে তারা ঋণের অর্থ ফেরত দেওয়া শুরু করবে।

তিনি আরও বলেন, এছাড়া নেপালের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। তিনি সার্কের বিষয়টি আলোচনা তুলেছেন। আমি বলেছি, আপনারা বিষয়টি নিয়ে কাজ শুরু করেন।

Share this post

Join the conversation