07:44:26 am
Wednesday, August 26

সোনারগাঁয়ে কলহের জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আঁখি আক্তার নামে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। এর আগে শনিবার রাতে কক্সবাজার সদর উপজেলা থেকে সাইদুল ইসলাম নামে ওই স্বামীকে গ্রেফতার করে র‌্যাব-১১-এর একটি দল।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আঁখি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী চেঙ্গকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইদুল ইসলামের ১৫ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। নানা অজুহাতে সাইদুল প্রায়ই আঁখিকে মারধর করত। র‌্যাব জানায়, সাইদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। বিয়ের পর থেকেই পরকীয়ার সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আঁখিকে তার স্বামী সাইদুল হাত-পা বেঁধে সন্তানদের সামনেই হাতুড়ি দিয়ে উপর্যুপরি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পেটাতে থাকে।
হাতুড়ির আঘাতে আঁখি আক্তার জ্ঞান হারিয়ে ফেললে প্রত্যক্ষদর্শী সন্তানরা চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সাইদুল। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম প্রধান বাদী হয়ে মামলা করেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এ ব্যাপারে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, গ্রেফতার আসামিকে র‌্যাব এখনও থানায় হস্তান্তর করেনি। আসামি হস্তান্তরের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। 

Share this post

Join the conversation