07:42:35 am
Wednesday, August 26

মাহফুজকে নিয়ে আড়াল ভাঙলেন বুবলী

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর অনেকটা আড়ালেই ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। অবশেষে নীরবতা ভাঙলেন এই আলোচিত নায়িকা। শাকিব খানের বলয় থেকে বেরিয়ে আসার পর একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন বুবলী। এরই ধারাবাহিকতায় অভিনেতা মাহফুজ আহমেদের বিপরীতে ‘প্রহেলিকা’ সিনেমায় জুটি হয়েছেন বুবলী।
শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে ‘প্রহেলিকা’ সিনেমার গানের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন বুবলী। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না আগেই ইঙ্গিত দিয়েছেন ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। আগামী ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই জুটির প্রথম ছবি ‘প্রহেলিকা’। সিনেমার প্রচারণার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে ‘প্রহেলিকা’র গান ‘মেঘের নৌকা’। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। সিনেমাটি নিয়ে বুবলী বলেন, চয়নিকা দিদি যখন আমাকে গল্পটি শোনায় তখনই সিদ্ধান্ত নেই সিনেমাটি করব। এমন গল্পে এর আগে কাজ করা হয়নি। প্রেক্ষাগৃহে ঢোকার পর সিনেমাটি শেষ না করে কেউ উঠতে পারবে না।
সহশিল্পী মাহফুজ আহমেদ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমি বলব না এই সিনেমা দিয়ে মাহফুজ ভাই কামব্যাক করেছেন। কারণ তিনি আমাদের অভিনয় শিখিয়েছেন, রোমান্টিকতা শিখিয়েছেন, তার অসংখ্য নাটক-সিনেমার মাধ্যমে। ফলে তিনি তার কাজের মাধ্যমে আমাদের সঙ্গে বরাবরই ছিলেন। আমি বলব, তিনি কাজে আবার সরব হয়েছেন এবং তার সঙ্গে আমার কাজ করাটা আশীর্বাদস্বরূপ। সত্যি বলতে তার সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমদিকে নার্ভাস ছিলাম। আমাকে স্বাভাবিক অভিনয় করতে মাহফুজ ভাই সাহায্য করেছেন। তিনি আমাকে বলেছেন, ক্যামেরার সামনে যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে হচ্ছে মনা, মাহফুজ নয়।’
‘প্রহেলিকা’ সিনেমার শুটিং গত বছরের ২ নভেম্বর সিলেটে শুরু হয়। একটানা কাজ করে একই বছরের ২২ ডিসেম্বর সিনেমাটির দৃশ্য ধারণ শেষ হয়। মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে। পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

Share this post

Join the conversation