04:44:42 am
Saturday, August 22

ভূমিকম্পে লন্ডভন্ড তুরস্ক-সিরিয়া, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। এ ঘটনায় আহত হয়েছে কয়েক শতাধিক মানুষ। আর শতাধিক ঘরবাড়ি গুঁড়িয়ে গেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি যখন আঘাত করে মানুষজন তখন ঘুমিয়ে ছিল। ভূমিকম্পটির তীব্রতা এত বেশি ছিল যে, সেটি সাইপ্রাস দ্বীপেও অনুভূত হয়েছে। ইসরায়েলেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

তুরস্কের স্থানীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে ৭৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে এই সংখ্যাটা দ্রুতগতিতে বাড়ছে। কারণ মানুষজন ঘুমিয়ে থাকা অবস্থায় এই ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে সরকার-নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। টেলিভিশন ইমেজে দেখা গেছে, তুষারের মধ্যে তুরস্কের মানুষজন পাজামা পরে রাস্তায় দাঁড়িয়ে আছেন। এসময় উদ্ধারকারীদের অভিযান চালাতে দেখা যায়।

স্থানীয় সময় রাত ৪টা ১৭ মিনিটে ১৭.৯ কিলোমিটার গভীরতার ওই ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ। এর ১৫ মিনিট পর ৬.৭ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। তবে তুরস্কের স্থানীয় দুর্যোগ বিভাগ জানিয়েছে, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪।

Share this post

Join the conversation